জীবন-জীবিকার তাগিদে অনেককেই বাড়ির বাইরে বের হতে হয়। কাউকে চাকরিতে, কাউকে কাজের সন্ধানে, কাউকে স্কুল-কলেজে, কাউকে কোর্ট-কাচারিতে অর্থাৎ কোনো না কোনো কাজে বেরুতে হয়ই। তবে গন্তব্যটি যদি একটু দূরে হয় তাহলে তো যানবাহনের আশ্রয় নিতেই হয়। আর এ গন্তব্যে পৌঁছুতে কেউ ব্যক্তিগত গাড়ি, কেউ ভাড়া করা গাড়ি, কেউ পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করে থাকেন।
ব্যক্তিগত গাড়ি অথবা ভাড়া করা গাড়িতে আপনি নিজের মতো করে চলতে পারেন। তবে পাবলিক ট্রান্সপোর্টে চলতে গেলে আপনাকে একটু সংযত হয়েই চলতে হবে। কেননা পাবলিক ট্রান্সপোর্টে বিশেষ করে নগরীর বাস সার্ভিসে আপনি একা নন, আপনার সহযাত্রী হিসেবে অনেকেই আছেন। তাই খেয়াল রাখতে হবে আপনি যাতে অন্যের বিরক্তির কারণ না হয়ে দাঁড়ান। এ ব্যাপারে প্রয়োজনীয় কিছু টিপ্স নিচে দেয়া হল-
সিটে বসাতে স্বেচ্ছাচারিতা পরিহার করুন
পাবলিক ট্রান্সপোর্টে অনেককেই দেখা যায় হাত-পা ছড়িয়ে বেশ আয়েশ করে বসার চেষ্টা করেন। এটা মোটেই উচিত নয়। কারণ আপনি আয়েশ করে বসলে আপনার পাশের সহযাত্রীর বসতে অসুবিধা হতে পারে। বিষয়টি এড়িয়ে যাবেন না। কেননা প্রত্যেক যাত্রীরই রয়েছে সমান অধিকার। তাই সিট বা আসন নিয়ে স্বেচ্ছাচারিতা করবেন না।
জানালা খুলুন সমতার ভিত্তিতে
গরমের সময়ে অনেককেই দেখা যায় তার আসন অনুযায়ী পুরো জানালা খোলার চেষ্টা করেন। এটা মোটেই উচিত নয়। কারণ আপনার আসন অনুযায়ী পুরো জানালা খুললে আপনার সামনে বা পেছনের আসনে বসা ব্যক্তির জানালাটি বন্ধ হয়ে যাবে। গরম তো শুধু আপনার একারই লাগছে না। গরম তো সবারই লাগছে। তাই এমনভাবে জানালা খুলতে হবে যাতে জানালার ফাঁকা অংশটুকু সমান থাকে।
উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকুন
বাসের মধ্যে উচ্চমাত্রার শব্দ হওয়ায় মোবাইলে কথা কম শোনা যায়। তাই অনেকে চেঁচিয়ে কথা বলতে থাকেন। এটা মোটেই উচিত নয়। বেশি জরুরি ফোন না হলে মোবাইল ফোনের অপর প্রান্তের ব্যক্তিকে বলুন যে, কথা ভালোভাবে শোনা যাচ্ছে না, পরে ফোন করুন। এটা ছাড়াও বাসের মধ্যে অধিকক্ষণ মোবাইল ফোনে কথা বলাও অনুচিত।
গান শুনুন ইয়ার ফোনে বা হেড ফোনে
বাসে অনেককেই দেখা যায় বেশ জোরে জোরে মোবাইল ফোনে গান শুনে থাকেন। এটা ঠিক নয়। কারণ আপনি যে গান শুনছেন সেটা হয়তো আপনার কাছে ভালো লাগছে, অন্যের কাছে বিরক্ত লাগতে পারে। তাই ইয়ার ফোনে গান শোনাই উত্তম।
সমতার ভিত্তিতে সিটে বসুন
বাসে নিয়ম হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানকার ছিটটি বা আসনটি খালি হলে তবেই আপনি বসতে পারেন। অন্য ছিট খালি হলে তাড়াহুড়ো করে বসার চেষ্টা করবেন না। যার যার অধিকারকে প্রাধান্য দিন।
বৃদ্ধ ও নারীদের সম্মান করুন
বাসে ওঠার সময় এবং নামার সময় বৃদ্ধ,প্রতিবন্ধী ও নারীদের অগ্রাধিকার দিন। সংরক্ষিত নারীদের আসনে বসা অনুচিত। কোনো নারী বা কোনো বৃদ্ধ ব্যক্তি যদি আপনার আসনের সামনে থাকে তবে আপনার সিটটি ছেড়ে দিয়ে তাকে বসতে দিন।
চালকের সাথে কথা না বলা
সামনের আসনে বসলে অনেককেই দেখা যায় চালকের সাথে গল্প জুড়ে দেন। এটা মোটেই উচিত নয়। কারণ চালকের সাথে কথা বললে গাড়ি চালাতে চালকের মনোযোগে বিঘ্ন ঘটে। ফলে ঘটে যেতে পারে মারাত্নক দুর্ঘটনা।
অযাচিতভাবে চেঁচামেচি করবেন না
বাসে যে কোন ধরনের সমস্যা থাকতেই পারে। এর জন্য চেঁচামেচি না করে ভদ্রভাবে সুপারভাইজার বা কন্ট্যাকটারকে বলুন। সে-ই এর সমাধান করে দেবে।
COMMENTS