মসলাপাতি কেনার কাজটা আগেই গুছিয়ে রাখুন। ছবি: নকশা
ঈদকে কেন্দ্র করে প্রস্তুতির কমতি নেই মোটেই। তাই কিছু কিছু কাজের প্রস্তুতি একটু আগে থেকে গুছিয়ে রাখলে মন্দ হয় না। যেমন দরকারি কিছু বাজারসদাই সেরে নিতে পারেন এখনই। আর সেই তালিকায় মসলাপাতির স্থান না দিলে কি হয়? চলুন, তবে বাজারের থলেটা হাতে নেওয়ার আগে জেনে নেওয়া যাক মসলাপাতির বর্তমান বাজারদর।
বাজারদর
প্রায় প্রতিবেলায় প্রয়োজন পড়ে এমন মসলাপাতির মধ্যে কেজিপ্রতি মরিচগুঁড়া পাবেন ২০০ টাকা থেকে ২২০ টাকায়, শুকনো মরিচ ১৫৫ টাকা থেকে ২২০ টাকায়, হলুদগুঁড়া ২০০ টাকা থেকে ২৪০ টাকায়, আস্ত হলুদ (যা পরে আপনাকে গুঁড়া করে নিতে হবে, দাম অবশ্য গুঁড়া হলুদের চেয়ে কম) প্রতি কেজি পাবেন ১৭০ টাকায়, পেঁয়াজ (দেশি) ৪০ টাকায়, পেঁয়াজ (বিদেশি) ৩০ টাকায়, রসুন (ছোট কোয়া) ৮০ টাকায়, রসুন (বড় কোয়া) ১০০ টাকায়, ধনেগুঁড়া ৯০-১০০ টাকায়, আদা ৮০ টাকায়, জিরা ৩৪০-৩৬০ টাকায়। ডালের ভেতর প্রতি কেজি মসুর ডাল দেশি ১৪৫ ও আমদানি করা ৯৮ টাকা, মুগ ডাল (দেশি) ১০০ টাকা, বুটের ডাল ১০০ টাকা ও মাষকলাই ১১০ টাকা।
কেজিপ্রতি দারুচিনি ২৬০ থেকে ২৭০ টাকা, এলাচি ১২০০ থেকে ১৬০০ টাকা, লবঙ্গ ১০০০-১১০০ টাকা, গোলমরিচ (কালো) ৯৮০-১০০০ টাকা, গোলমরিচ (সাদা) ১৬০০-১৭২০ টাকা, কিশমিশ ৩৩০-৪০০ টাকা, আলুবোখারা ৪৯০-৫০০ টাকা, কালিজিরা ৩০০ টাকা, জাফরান ২২০-২৫০ টাকা, জয়ফল ১০০০ টাকা, পাঁচফোড়ন ১২০ টাকা ও সরিষা দানা ৫০ টাকা। বাদামের মধ্যে চীনাবাদাম পাবেন কেজিপ্রতি ৮০-৮৫ টাকা, কাঠবাদাম ৯৬০-৯৮০ টাকা, পেস্তাবাদাম ১৬০০-১৯৫০ টাকা ও কাজুবাদাম ৭৮০-৮০০ টাকা।
লবণের বেলায় প্রতি কেজি খাবার লবণ পাবেন ২৫ টাকার মধ্যে, বিট লবণ ৮০ টাকা ও ৪৫০ গ্রাম পরিমাণ টেস্টিং সল্ট পাবেন ১১৬-১২৫ টাকায়।
তেলের মাঝে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১০০-১১০ টাকা, খোলা ৯৫ টাকা, সরিষা ১৭০-১৯০ টাকা ও পাম অয়েল ৬৫ টাকা। এ ছাড়া প্রতি পাঁচ লিটারের সয়াবিন তেল পাবেন ৪৪০ টাকা, সূর্যমুখী তেল ৭৩৫ টাকা ও ধানের কুড়ার তেল ৫২০ টাকায়। প্রতি পাঁচ লিটার হিসেবে সূর্যমুখী তেল পাবেন ১১৫০ টাকায় ও ধানের কুড়া থেকে তৈরি রাইজবেন তেল পাবেন ৫৫০ টাকায়।
মিষ্টিজাতীয় উপকরণের মধ্যে চিনি (সাদা) ৫৫ টাকা থেকে ৬৮ টাকা, আখের গুড়ের হলদেটে চিনি ৬০-৭০ টাকা, আখের গুড় ৬০ টাকা, তরল আখের গুড় ৭০ টাকা, পেয়ালা ও কাপ আকৃতির খেজুরের গুড়ের দাম একই, ৭০ টাকা। আর বয়ামভর্তি তরল খেজুরের গুড় পাবেন ১৪০ টাকা প্রতি কেজি। সেমাই রান্নায় প্রয়োজনীয় শুকনো খেজুর পাবেন ১৬০ টাকায় ও আকৃতিভেদে প্রতিটি শুকনো নারকেল নিতে পারেন ৩০-৬০ টাকায়। বোরহানি বানাতে নিতে পারেন টকদই, সে ক্ষেত্রে প্রতি কেজি টকদই পাবেন ৫০ টাকা থেকে ৬০ টাকায়।

COMMENTS